Home » নোয়াখালীর কবিরহাটে নিষিদ্ধ যুবলীগের পোস্টার, প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়দের প্রশ্ন

নোয়াখালীর কবিরহাটে নিষিদ্ধ যুবলীগের পোস্টার, প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়দের প্রশ্ন

by wp_500elo

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী:

নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের পোস্টার লাগানোর খবর পাওয়া গেছে। দেয়াল, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিদ্যুতের খুঁটিতে এসব পোস্টার সাঁটানো হলেও এখন পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বাটইয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার দেয়াল, ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশ এবং বিদ্যুতের খুঁটিতে দলটির বিভিন্ন নেতার ছবিসংবলিত পোস্টার সাঁটানো হয়েছে।

​পোস্টারগুলোর ওপরের অংশে শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানের ছবি, সজীব ওয়াজেদ জয় এবং স্থানীয় প্রভাবশালী নেতাদের মধ্যে কবিরহাট পৌরসভার সাবেক মেয়র ও বাটইয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন শাহিনের ছবি রয়েছে। এছাড়া পোস্টারে যুবলীগ নেতা জহির উদ্দিন রুবেল ও  ছাত্রলীগ নেতা ইমরান হোসেন নামে দুজনকে যথাক্রমে ‘৭ নম্বর বাটইয়া ইউনিয়ন যুবলীগ’ ও ‘৭ নম্বর বাটইয়া ইউনিয়ন ছাত্রলীগ’ হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।

সাঁটানো পোস্টারগুলোর মাঝখানে উসকানিমূলক ও রাজনৈতিক স্লোগান লেখা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—​‘আসছে ফাগুন, আমরা হবো দিগুণ’,​‘ডিসেম্বর দিচ্ছে ডাক, পাকবাহিনী নিপাত যাক’,​‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’।

স্থানীয়রা জানান, নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের এভাবে প্রকাশ্যে পোস্টার লাগানোর বিষয়টি অত্যন্ত রহস্যজনক ও উদ্বেগজনক। কীভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে জনবহুল স্থান ও বিদ্যুতের খুঁটিতে এসব পোস্টার লাগানো হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ বা তদারকি না থাকায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা ও ক্ষোভ বাড়ছে।

​এ বিষয়ে কবিরহাট থানা পুলিশ কোন মন্তব্য করতে রাজি হয়নি।

আরো খবর