নিজস্ব প্রতিবেদক, আজকের সময় :
তারুণ্যের শক্তি ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন স্থানীয় যুবদল নেতা দেলোয়ার হোসেন মুন্না। গত ১২ অক্টোবর সোমবার নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়া পেজ থেকে ভিডিওবার্তার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই প্রত্যাশার কথা জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওবার্তায় দেলোয়ার হোসেন মুন্না এলাকার সাধারণ মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, নির্বাচিত হলে ইউনিয়নবাসীর দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো সমাধান এবং একটি দুর্নীতি ও মাদকমুক্ত আধুনিক মুছাপুর গড়তে প্রধান অগ্রাধিকার দেবেন।
ভিডিওবার্তায় দেলোয়ার হোসেন মুন্না স্মরণ করেন তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনের নানা চড়াই-উতরাই ও ত্যাগের কথা। তিনি জানান, গত ১৭ বছর ধরে নানা জেল-জুলুম, মামলা ও রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েও তিনি রাজপথ ছেড়ে যাননি। গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে তিনি সবসময় আপসহীন ছিলেন এবং হামলা-মামলার শিকার হয়েও রাজপথে থেকে দলের আদর্শ টিকিয়ে রেখেছেন।
মুছাপুর ইউনিয়নের বর্তমান সামাজিক প্রেক্ষাপট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দেলোয়ার হোসেন মুন্না বলেন, এলাকার তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা তার অন্যতম প্রধান লক্ষ্য। এছাড়া ইউনিয়নবাসীর দীর্ঘদিনের অভিযোগ— বিচার বা শালিস বাণিজ্য, অনিয়ম এবং সাধারণ মানুষের ওপর নানা ধরনের অত্যাচার-অবিচার চিরতরে বন্ধ করতে তিনি কঠোর অবস্থান নেবেন।
জনসাধারণকে সঙ্গে নিয়ে একটি জবাবদিহিমূলক ও সুশাসনভিত্তিক স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তুলতে তিনি কাজ করতে চান।
নির্বাচনী প্রচারণার প্রচলিত ধারা থেকে বের হয়ে আসার ঘোষণা দিয়ে এই যুবদল নেতা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, তিনি কালো টাকা বা পেশিশক্তির জোরে নয়, বরং সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থার মাধ্যমেই ভোটারদের মন জয় করতে চান। এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষ, তরুণ সমাজ ও সর্বস্তরের জনগণের সঙ্গে মেলবন্ধন তৈরি করে তিনি তাদের সেবা করতে চান।
আসন্ন ইউনিয়ন নির্বাচনে মুছাপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন দেলোয়ার হোসেন মুন্না। তার বিশ্বাস, এলাকাবাসী দলমত নির্বিশেষে সৎ, ত্যাগী ও জনবান্ধব নেতৃত্বকে বেছে নেবে এবং একটি সুন্দর ইউনিয়ন গঠনে তার পাশে থাকবে।