নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী:
নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের পোস্টার লাগানোর খবর পাওয়া গেছে। দেয়াল, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিদ্যুতের খুঁটিতে এসব পোস্টার সাঁটানো হলেও এখন পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বাটইয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার দেয়াল, ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশ এবং বিদ্যুতের খুঁটিতে দলটির বিভিন্ন নেতার ছবিসংবলিত পোস্টার সাঁটানো হয়েছে।
পোস্টারগুলোর ওপরের অংশে শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানের ছবি, সজীব ওয়াজেদ জয় এবং স্থানীয় প্রভাবশালী নেতাদের মধ্যে কবিরহাট পৌরসভার সাবেক মেয়র ও বাটইয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন শাহিনের ছবি রয়েছে। এছাড়া পোস্টারে যুবলীগ নেতা জহির উদ্দিন রুবেল ও ছাত্রলীগ নেতা ইমরান হোসেন নামে দুজনকে যথাক্রমে ‘৭ নম্বর বাটইয়া ইউনিয়ন যুবলীগ’ ও ‘৭ নম্বর বাটইয়া ইউনিয়ন ছাত্রলীগ’ হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।
সাঁটানো পোস্টারগুলোর মাঝখানে উসকানিমূলক ও রাজনৈতিক স্লোগান লেখা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—‘আসছে ফাগুন, আমরা হবো দিগুণ’,‘ডিসেম্বর দিচ্ছে ডাক, পাকবাহিনী নিপাত যাক’,‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’।
স্থানীয়রা জানান, নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের এভাবে প্রকাশ্যে পোস্টার লাগানোর বিষয়টি অত্যন্ত রহস্যজনক ও উদ্বেগজনক। কীভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে জনবহুল স্থান ও বিদ্যুতের খুঁটিতে এসব পোস্টার লাগানো হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ বা তদারকি না থাকায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা ও ক্ষোভ বাড়ছে।
এ বিষয়ে কবিরহাট থানা পুলিশ কোন মন্তব্য করতে রাজি হয়নি।