Home » বসুরহাট আধুনিক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ

বসুরহাট আধুনিক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ

by ajkersomoy

নিজস্ব প্রতিবেদক, আজকের সময়, নোয়াখালী:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট আধুনিক হাসপাতালটি বৈধ ইজারামূল্য পরিশোধ করে নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার দায়িত্বে থাকা সত্ত্বেও একটি কুচক্রী মহল ইজারার মেয়াদ শেষ হওয়ার আগেই জোরপূর্বক দখল নেওয়ার পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া একটি স্বার্থান্বেষী চক্র সংবাদ সম্মেলনের নামে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বর্তমান ব্যবস্থাপনা কমিটি ও ইজারাদারদের মানহানি করার চেষ্টা করছে—এমন অভিযোগ এনে তীব্র প্রতিবাদ জানিয়েছেন হাসপাতালের বর্তমান ব্যবস্থাপনা কমিটি ও ইজারাদাররা।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বসুরহাট আধুনিক হাসপাতালের বর্তমান মালিক বাবু অরবিন্দ ভৌমিক গত তিন বছরের জন্য হাসপাতালটি আব্দুল খালেক ভূঞার নিকট বৈধভাবে ইজারা প্রদান করেন। পরবর্তীতে মালিক বাবু অরবিন্দ ভৌমিক অন্যপক্ষের নিকট হাসপাতালটি বিক্রির জন্য বায়নাপত্র সম্পাদন করেন।

​উক্ত বায়না চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, আব্দুল খালেক ভূঞাদের তিন বছরের ইজারা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরই নতুন বায়নাকৃত মালিকরা হাসপাতালটি বুঝে নেবেন। চুক্তি অনুযায়ী বর্তমান ইজারার এই মেয়াদ আগামী ৩১ মার্চ ২০২৮ তারিখে শেষ হওয়ার কথা রয়েছে।

​আইনি ও চুক্তিভিত্তিক এই সময়সীমা বহাল থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী চক্র ইজারার মেয়াদ শেষ হওয়ার বহু আগেই হাসপাতালটি জোরপূর্বক দখলের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। বৈধ ইজারাদারদের ব্যবসা ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতে ওই চক্রটি সম্প্রতি সংবাদ সম্মেলন করে বিভিন্ন অসত্য, মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে অভিযোগ পাওয়া যায়।

​বর্তমান ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, চুক্তির শর্ত ভঙ্গ করে এবং আইনি প্রক্রিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাসপাতাল দখলের এই পায়তারা অত্যন্ত গর্হিত অপরাধ। এই ধরনের অপপ্রচার ও হয়রানিমূলক কর্মকাণ্ড কেবল প্রতিষ্ঠানের সুনামই ক্ষুণ্ন করছে না, বরং রোগী সাধারণের চিকিৎসাসেবা ব্যাহত করার এক গভীর ষড়যন্ত্র।

​হাসপাতাল পরিচালনা পর্ষদ ও ইজারাদারদের পক্ষ থেকে অবিলম্বে এই কুচক্রী মহলের অবৈধ দখলচেষ্টা এবং মানহানিকর অপপ্রচার বন্ধের দাবি জানানো হয়েছে।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তারা বলেন, অনতিবিলম্বে এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী চক্রটিকে আইনের আওতায় এনে বসুরহাট আধুনিক হাসপাতালে শান্তিপূর্ণ পরিবেশ ও স্বাভাবিক চিকিৎসাসেবা অব্যাহত রাখার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।

আরো খবর