১২
নোয়াখালী প্রতিনিধি, আজকের সময়:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে সম্রাট (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। সে দীর্ঘদিন অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন ছিলো বলে প্রতিবেশীরা জানায়।
সোমবার (১৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের থানারহাটের উত্তরে মাওলানা আলী আহাম্মদের বাড়ির সামনের মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সম্রাট ওই এলাকার মইনুল হক রতনের সেজো ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৬ আগস্ট) থেকে সম্রাট নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে সোমবার সকালে বাড়ির সামনের মসজিদের পুকুরে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।
এদিকে, যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
কোম্পানীগঞ্জ থানার কর্মকর্তা নুরুল হাকিম জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।