কোম্পানীগঞ্জে শিক্ষকের নির্মম নির্যাতনে মাদ্রাসা ছাত্র আদিবের মৃত্যু, বিচার দাবিতে সোচ্চার এলাকাবাসী
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষকের নির্মম নির্যাতনের শিকার হয়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানল ৯ বছরের শিশু ছাত্র আরাফাত হোসেন আদিব। সোমবার সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহাজাদপুর এলাকার কামলা বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আদিব ওই এলাকার শাহাব উদ্দিনের ছেলে এবং লোহারপুল দারুস সালাম মডেল মাদ্রাসার হিফ্জ বিভাগের (নবম পারা) ছাত্র ছিল।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার পরিচালক দেলোয়ার হোসেন ও শিক্ষক শাব্বির আহমেদ দীর্ঘ দুই বছর ধরে আদিবকে হোস্টেলে রেখে শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। গত ১৫ অক্টোবর শিক্ষকরা তাকে পুনরায় নির্মমভাবে মারধর করেন এবং একপর্যায়ে আছাড় মারেন। এই পাশবিক নির্যাতনে শিশুটির লিভার ক্ষতিগ্রস্ত হয় এবং শরীরের এক পাশ অবশ হয়ে যায়।
মারাত্মক আশঙ্কাজনক অবস্থায় আদিবকে প্রথমে বসুরহাট ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে মাইজদী হয়ে পরবর্তীতে তাকে ঢাকার শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুদিন চিকিৎসার পর তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল। আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি।
আদিবের মা আয়েশা আক্তার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়া এক ভিডিও বক্তব্যে কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, মাদ্রাসার পরিচালকের প্রশ্রয়ে শিক্ষকরা তার সন্তানের ওপর দীর্ঘদিন ধরে এ অমানবিক নির্যাতন চালিয়ে আসছিলেন, যার পরিণতিতেই আজ তার সন্তানের করুণ মৃত্যু হয়েছে।
ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দারা চরম ক্ষোভ প্রকাশ করেছেন এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে নিহতের এক স্বজন জানান, “শিক্ষকদের আছাড় ও মারধরেই আমার ছোট ভাইটার মৃত্যু হয়েছে। আমরা বর্তমানে এই হত্যাকাণ্ডে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করতে থানায় অবস্থান করছি।”
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার রুমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের স্বজনরা মামলা দায়েরের জন্য থানায় এসেছেন। বিষয়টি নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)র সাথে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।