কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
চট্টগ্রামের হালিশহর থানায় পিতার দায়ের করা একটি সিআর মামলায় দীর্ঘদিন পর আত্মসমর্পণ করতে গিয়ে আটক হয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী নাছিম শাহ। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
আদালতের আদেশের কপি সূত্রে জানা যায়, মামলাটি চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৭ এ বিচারাধীন। সি.আর মামলা নং- ১৭২/২৬ (হালিশহর)। মামলার বাদী *মোঃ শাহ সোলায়মান এবং আসামি তার ছেলে এইচ এ নাসিম শাহ।
মামলায় দণ্ডবিধির *৪০৬/৪২০/৩৮৬/৩৮৭/৩২৩/৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগ।
আদেশে উল্লেখ করা হয়, গত ০৪/১১/২৬ ইং তারিখ মামলার ধার্য তারিখ না থাকলেও আসামি এইচ এ নাসিম শাহ বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ পূর্বক জামিনের আবেদন করেন। এ সময় বাদী পক্ষ জামিনের বিরোধিতা করেন।
উভয় পক্ষের শুনানি শেষে এবং নথিপত্র পর্যালোচনা করে আদালত বলেন, পিতা কর্তৃক পুত্রের বিরুদ্ধে পেনাল কোডের ৪০৬/৩৮৬/৩৮৭ সহ অন্যান্য ধারায় সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা সার্বিক বিবেচনায় আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তাকে সি/ডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।এর আগে একই মামলায় আসামির বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট ইস্যু করেছিলেন আদালত। এ বিষয়ে আদালতের সত্যায়িত অনুলিপি ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়েছে।
জানা যায়, এইচ এ নাছিম শাহ ইতিপূর্বে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে পটকল নাজির হিসেবে কর্মরত ছিলেন। সেখানে বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তাকে শাস্তিমূলকভাবে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বদলি করা হয়।
বদলির পরেও তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ ওঠে। সর্বশেষ কোম্পানীগঞ্জে সমবায় অফিসের একটি কাজ করে দেওয়ার কথা বলে এক সেবাগ্রহীতার কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ নেন তিনি। দীর্ঘ ৮ মাস ধরে কাজ না করে টাকা ফেরত না দিয়ে টালবাহানা করতে থাকেন।
অবশেষে ভুক্তভোগী নিরুপায় হয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর চাপের মুখে বাধ্য হয়ে সেই টাকা ফেরত দেন নাছিম শাহ। স্থানীয়দের অভিযোগ, এটি তার নিয়মিত ঘুষ বাণিজ্যের একটি খণ্ডচিত্র মাত্র।