ফেনী প্রতিনিধি:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুমোদন নিয়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য, পরশুরাম পৌরসভার সাবেক মেয়র এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আহমাদ ফরহাদ হোসেন বাদী হয়ে এই মামলাগুলো দায়ের করেন।
ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেদ্দা প্রবাসী শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী রহিম উল্লাহর (৬৭) বিরুদ্ধে প্রথম মামলাটি রুজু করা হয়। এজাহারে বলা হয়, তিনি ২০১৪ সালের ২৯ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত সংসদ সদস্য থাকা অবস্থায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ড ও অসদাচরণের মাধ্যমে ৩,৮৪,৪৫,৫২১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ নিজের ও স্ত্রীর নামে অর্জন করে ভোগদখলে রেখেছেন। এটি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় তাঁর বিরুদ্ধে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে মামলা নং-০১ (তারিখ: ১১/১১/২০২৬ খ্রি.) রুজু করা হয়।
পরশুরাম পৌরসভার সাবেক মেয়র নিজাম উদ্দিন আহমাদ চৌধুরীর (৪৬) বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি দায়ের করা হয়। তিনি দুই মেয়াদে মেয়র থাকার সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে ৩৬,২৮,৮২৪ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেন এবং ৬,৮৭,৪৬,৮০২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রাখেন। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা নং-০২ (তারিখ: ১১/১১/২০২৬ খ্রি.) রুজু করা হয়।
তৃতীয় মামলাটি দায়ের করা হয়েছে পরশুরাম পৌরসভার সাবেক মেয়র নিজাম উদ্দিন আহমাদ চৌধুরীর স্ত্রী গৃহিণী লুৎফুর নাহার চৌধুরীর (৪৪) বিরুদ্ধে। নিজাম উদ্দিন আহমাদ চৌধুরী তাঁর স্ত্রীকে ৫৫,০০,০০০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতা করেন। তাঁরা দুজনে পরস্পর যোগসাজশে উক্ত অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলে রাখায় দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। ফলশ্রুতিতে তাঁদের বিরুদ্ধে মামলা নং-০৩ (তারিখ: ১১/১১/২০২৬ খ্রি.) রুজু করা হয়।