ফেনী প্রতিনিধি, আজকের সময় ;
ফেনী জেলার ঐতিহ্যবাহী শুভপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আশ্রাফুল আলম চৌধুরী হায়দার।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এসএম তোহিদুজ্জামান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সদস্য সচিব অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল হক, অভিভাবক সদস্য মোহাম্মদ ইউসুফ ভূঁইয়া স্বপন এবং শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আরিফুর রহমান।
অ্যাডভোকেট আশ্রাফুল আলম চৌধুরী হায়দার ছাগলনাইয়া উপজেলার জগন্নাথ সোনাপুর গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের কৃতি সন্তান। তিনি ‘ভাটির বাঘ’ খ্যাত নবাব শমসের গাজীর সপ্তম বংশধর। পেশাগত জীবনে তিনি একজন সুনামধন্য আইনজীবী ও ব্যবসায়ী।
পুনরায় এই প্রতিষ্ঠানের সভাপতি মনোনীত করায় ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনুসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নিজের সর্বোচ্চ জ্ঞান, মেধা ও অভিজ্ঞতা দিয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।