নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী সদর উপজেলার সুধারাম থানার স্বনামধন্য শিক্ষক পরিবারে নেমে এসেছে চরম দুর্দিন। একের পর এক অসত্য অভিযোগ ও ভিত্তিহীন মামলা দিয়ে ওই শিক্ষক দম্পতিকে হেনস্তা করার অভিযোগ উঠেছে তাদের পুত্রবধূর বিরুদ্ধে। দীর্ঘমেয়াদী এসব হয়রানির কারণে সামাজিকভাবে হেয় হওয়ার পাশাপাশি বর্তমানে প্রশাসনিক জটিলতায় বেতন বন্ধ থাকায় চরম মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী শিক্ষক পরিবারটি।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, চাপরাশিরহাট ইসমাঈল ডিগ্রি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মুহাম্মদ আমিরুল ইসলাম ও তার পরিবার এই পরিস্থিতির শিকার। শিক্ষক আমিরুল ইসলাম ২০১৯ ও ২০২২ সালে কলেজ পর্যায়ে নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। এছাড়া তিনি একাধিক গ্রন্থ প্রণেতা এবং স্থানীয় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত থেকে সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রেখে চলেছেন।
ঘটনার বিবরণী থেকে জানা যায়, নোয়াখালী কারামতিয়া কামিল মাদরাসায় অধ্যয়নরত অবস্থায় অধ্যাপক আমিরুল ইসলামের ছেলে সাইয়েদ হাসানুল বান্নার সঙ্গে মধ্যম করিমপুর গ্রামের শামছুল হুদার কন্যা শাহনাজ আক্তার আখিঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে ২০২৩ সালের ১৫ অক্টোবর তারা নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর ২০২৪ সালের ৯ মে পুনরায় নোটারি এফিডেভিটের মাধ্যমেই তাদের সম্পর্ক ও বিবাহ আইনগতভাবে বিচ্ছেদ ঘটে।
তবে পরবর্তীতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ২০২৫ সালের ৬ জুন তারা কাজী অফিসে পুনরায় কাবিন রেজিস্ট্রি করে বিবাহ সম্পন্ন করেন। পুত্রবধূকে সানন্দে ঘরে তুলে নেন শিক্ষক দম্পতি এবং অধ্যাপক আমিরুল ইসলাম তাকে নিজ কন্যার স্নেহে দেখাশোনা করতে শুরু করেন। কিন্তু কোনো স্পষ্ট কারণ ছাড়াই ২০২৫ সালের ১৯ অক্টোবর শাহনাজ আক্তার ঘর থেকে স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে বাবার বাড়িতে চলে যায়। এর পরপরই শুরু হয় শিক্ষক পরিবারটিকে লক্ষ্য করে আইনি মারপ্যাঁচ ও হয়রানির পালা।
অনুসন্ধানে জানা যায়, ২০২৫ সালের ১ ডিসেম্বর পুত্রবধূ শাহনাজ আক্তার সুধারাম মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত করে অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় তা আমলে নেয়নি। একইদিন তিনি নোয়াখালী জেলা লিগ্যাল এইড অফিসে (এডিআর-১৭৭২ নং) আরেকটি মামলা করেন, যা পরবর্তীতে সত্যতা না পাওয়ায় নিষ্পত্তি হয়ে যায়। এসবের পরেও ক্ষান্ত না হয়ে ২০২৬ সালের ১৫ জানুয়ারি শাহনাজ আক্তার নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে (সিআর-৭৩) মামলা দায়ের করেন। উক্ত মামলায় অধ্যাপক মুহাম্মদ আমিরুল ইসলাম, তার স্ত্রী ও মাদ্রাসা শিক্ষিকা লুৎফুন নেছা এবং ছেলে সাইয়েদ হাসানুল বান্নাকে আসামি করা হয়। তবে দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেন, যেখানে অধ্যাপক আমিরুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে ঘটনার কোনো সংশ্লিষ্টতা বা সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়।
আদালতে সত্যতা প্রমাণিত না হলেও থেমে থাকেনি হয়রানি। মামলার কপি সংযুক্ত করে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ পাঠিয়ে শিক্ষক দম্পতির কর্মক্ষেত্রেও অস্থিরতা তৈরি করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে বর্তমানে তাদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। ফলে শিক্ষক পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে মানবেতর দিন কাটাচ্ছেন।
ভূক্তভোগী আমিরুল ইসলাম জানান, বিরোধ নিষ্পত্তির জন্য কারামতিয়া কামিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং ধর্মপুরের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান একাধিকবার সামাজিকভাবে সালিসে বসলেও বাদিনী পক্ষ কোনো সমঝোতা বা সিদ্ধান্ত মেনে নেয়নি।
পরিস্থিতি আরও স্পষ্ট করে তিনি জানান, গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে চিফ লিগ্যাল এইড অফিসার ও সিভিল জজ সাদিয়া খানম উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি মধ্যস্থতার মাধ্যমে মীমাংসার উদ্যোগ নেন। কিন্তু বাদিনীপক্ষ সে উদ্যোগেও অনীহা প্রকাশ করে সহযোগিতা করেনি। পরবর্তীতে আবেদনকারীর অসহযোগিতার কারণে মামলাটির আইনগত বা পারস্পরিক মীমাংসা করা সম্ভব হয়নি বলে রায় দেওয়া হয়। অভিযুক্ত শাহনাজ আক্তারের মুঠোফোনে বারবার চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি।
স্থানীয় এলাকাবাসী ও শিক্ষানুরাগীরা ক্ষোভ প্রকাশ করে জানান, একজন আদর্শ শিক্ষক ও সমাজসেবককে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় জড়িয়ে এভাবে হেনস্তা করা অত্যন্ত দুঃখজনক। তারা অবিলম্বে বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং শিক্ষক দম্পতির স্থগিত বেতন ও সম্মান পুনর্বহালের জোরালো দাবি জানিয়েছেন।