যুনাইদ নোমানী, মাদ্রিদ স্পেন :
স্পেনে বসবাসরত ফেনী:প্রবাসীদের সামাজিক ও পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় করতে “ফেনী জেলা অ্যাসোসিয়েশন, মাদ্রিদ-স্পেন”-এর উদ্যোগে বনভোজন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৫ জুলাই) মাদ্রিদ থেকে প্রায় ১০৫ কিলোমিটার দূরে মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত ‘এমবালসে দে কাজালেগাস’ লেক এলাকায় দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
বনভোজনে মাদ্রিদে বসবাসরত দেড় শতাধিক নতুন ও পুরোনো ফেনীপ্রবাসী তাদের পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণ করেন। সকাল থেকে অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম-এর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। বনভোজনের আনন্দের সঙ্গে জন্মদিন উদযাপন যোগ হওয়ায় উপস্থিত সবার মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
দিনব্যাপী আয়োজনে ছিল শিশুদের জন্য নিরাপদ সাঁতার, নৌকাভ্রমণ, বিভিন্ন ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রম। শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাঁতারের সময় প্রত্যেককে লাইফ জ্যাকেট পরিধানের ব্যবস্থা করা হয়। এছাড়া নারীদের জন্য বিশেষ বালিশ খেলা এবং বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের ব্যাপক আনন্দ দেয়।
বিকেলে বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সমাপনী পর্বে সংগঠনের সভাপতি মোহাম্মদ আরাফাত হোসেন, সিনিয়র সহসভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিদেশের মাটিতে ফেনীবাসীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের সামাজিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে প্রবাসীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ফেনীর সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
সভাপতি মোহাম্মদ আরাফাত হোসেন বলেন, “প্রবাসে বসবাসরত ফেনীবাসীদের ঐক্যবদ্ধ রেখে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে ফেনীকে আরও সমৃদ্ধভাবে তুলে ধরাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও সংগঠনের উদ্যোগে আরও বৃহত্তর পরিসরে এ ধরনের আয়োজন করা হবে।”
নেতৃবৃন্দ বনভোজন সফলভাবে আয়োজনের জন্য সকল অংশগ্রহণকারী, স্বেচ্ছাসেবক, আয়োজক ও সহযোগীদের আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ২০২৫ সালে মাদ্রিদে ফেনীবাসীদের উদ্যোগে প্রতিষ্ঠিত সংগঠনটি বর্তমানে “ফেনী জেলা অ্যাসোসিয়েশন, মাদ্রিদ-স্পেন” নামে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রবাসী ফেনীবাসীদের মধ্যে ঐক্য, সামাজিক সম্প্রীতি, মানবিক সহযোগিতা এবং ফেনীর ঐতিহ্য ও সংস্কৃতি বিকাশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।