আতাউর রহমান, আজকের সময় :
ফেনীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনে -এর উদ্যোগে প্রথম মিলনমেলা আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে অনুষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। অনুষ্ঠানের কো-অর্ডিনেটর ফরহাদ মাহমুদ জানান, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত হাজার হাজার প্রকৌশলী দেশ-বিদেশে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। মিলন মেলায় উক্ত প্রতিষ্ঠানের প্রথম ব্যাচ থেকে শুরু করে চলমান ব্যাচ পর্যন্ত সকল প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
আয়োজক সূত্র জানায়, আশা করা হচ্ছে এই মিলন মেলায় প্রায় ১০ হাজারের মতো প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে মিলন মেলাকে কেন্দ্র করে সাবেক শিক্ষার্থীদের মাঝে এক ধরনের আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করছেন, স্মৃতিচারণ করছেন এবং অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন।
১৯৭৭–৭৮ সেশনের শিক্ষার্থী আইয়ুব আলী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই মিলন মেলাকে ঘিরে তার অনুভূতি ব্যক্ত করেন এবং সকল প্রাক্তন শিক্ষার্থীকে অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানান।
এছাড়া ঢাকা ওয়াসার সাবেক নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী আব্দুল মান্নান এক ভিডিও বার্তায় জানান, তিনি ইতোমধ্যে মিলন মেলার জন্য রেজিস্ট্রেশন করেছেন এবং যাঁরা এখনো করেননি, তাঁদের দ্রুত রেজিস্ট্রেশন করে অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানান।
ইনস্টিটিউট ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, মিলন মেলাকে ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে। ক্যাম্পাস সজ্জা, ব্যাচভিত্তিক সমন্বয়, স্বেচ্ছাসেবক দল গঠনসহ নানা প্রস্তুতি চলছে। আয়োজকরা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীকে কেন্দ্র করে প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে এবং ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের গৌরব, ঐতিহ্য ও অর্জন নতুন করে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।