Home » মাদকসেবী দুই সহোদরের অত্যাচারে অতিষ্ঠ লালপোল এলাকাবাসী

মাদকসেবী দুই সহোদরের অত্যাচারে অতিষ্ঠ লালপোল এলাকাবাসী

by ajkersomoy

স্টাফ রিপোর্টার:

ফেনী সদর উপজেলার লালপোল এলাকায় বসবাসকারী সোহেল (৩৫) ও তার ভাই বাবলুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সোহেলের পিতা শাহাবুদ্দিন, মাতা রুকোনি। তাদের বাড়ি পশ্চিম সিলোনিয়া এলাকায়।

স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের দাবি, সোহেল ও তার ভাই বাবলুর কারণে ফেনী সরকারি কলেজ, জয়নাল হাজারী কলেজ, শাহীন একাডেমি, নাসিম মেমোরিয়াল কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মাদক ছড়িয়ে পড়ছে, যা যুবসমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত আইনগত ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

এদিকে ফেনী সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, সোহেলের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলার অধিকাংশই ফেনী সদর থানায় দায়ের করা হয় এবং তিনি একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তালিকাভুক্ত।

পুলিশের অপরাধ রেকর্ড অনুযায়ী,
২০১৫ সাল থেকে ২০২০ সালের মধ্যে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে কমপক্ষে পাঁচটি মাদক সংক্রান্ত মামলা দায়ের করা হয়। মামলাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার বিভিন্ন উপধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে ফেনী মডেল থানা পুলিশ ও ফেনী পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়দের পক্ষ থেকে সোহেল ও তার সহযোগীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর