কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি, আজকের সময় :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডে অবস্থিত তাদরীসুল উম্মাহ ইসলামী মাদরাসায় রবিবার সকালে বার্ষিক শিক্ষা প্রদর্শনী, বৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী নূরুল্লাহ’র সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি’র পক্ষ থেকে বক্তব্য রাখেন সুফফা মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও হাজারীহাট আলিম মাদ্রাসার আরবী প্রভাষক আনোয়ার হোসাইন।
মাদরাসার প্রধান শিক্ষক আবু নাছের ফয়সালের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা মনোমুগ্ধকর শিক্ষা প্রদর্শনী উপস্থাপন করে। পরে আমন্ত্রিত অতিথিদের হাত থেকে কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, সনদপত্র, ক্রেস্ট ও বৃত্তি প্রদান করা হয়।
সৎ, যোগ্য ও আদর্শ নাগরিক গঠনের প্রত্যয়ে প্রতিষ্ঠিত তাদরীসুল উম্মাহ ইসলামী মাদরাসা ২০১৬ সালে যাত্রা শুরু করে। দশ বছরে সফলতার স্বাক্ষর রেখে প্রতিষ্ঠানটি আজ কোম্পানীগঞ্জে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে।
বর্তমানে মাদরাসাটিতে নূরানী, হিফ্জ, নাজেরা ও মডেল ফাইভ পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। দক্ষ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা অর্জনের পাশাপাশি চারিত্রিক গুণাবলিতে সমৃদ্ধ হয়ে গড়ে উঠছে।
বিগত বছরগুলোতে এ মাদরাসার শিক্ষার্থীরা বিভিন্ন বেসরকারি বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জন করেছে এবং দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করছে।