নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী জেলা বিএনপির প্যাড ব্যবহার করে বিবৃতি দেওয়ার ঘটনায় ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন বিএনপি নেতা নুরুল আলম সিকদার। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি জেলা বিএনপির কাছে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
সম্প্রতি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ঘাট দখল করে বাহিনী দিয়ে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ ওঠে নুরুল আলম সিকদারের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলায় বিএনপি ও যুবদলের দুই নেতা খুন ও অন্তত ১০ জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে বিষয়টি।
নুরুল আলম সিকদার তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আমার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় মিথ্যা সংবাদের প্রতিবাদে আমি প্রতিবাদলিপি পাঠিয়েছিলাম। সেখানে আমার দলীয় প্যাড ব্যবহার করা সঠিক হয়নি। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি জেলা বিএনপির নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
জানা গেছে, জেলা বিএনপির প্যাডে নিজে সই করে বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে আসা চাঁদাবাজির সংবাদের প্রতিবাদ পাঠান নুরুল আলম সিকদার। এতে তিনি নিজেকে বিএনপির তৃণমূলের নেতা হিসেবে নির্দোষ দাবি করেন। পরে ওই বিবৃতির কপি নিজের ফেসবুকে পোস্ট করলে সমালোচনার ঝড় উঠে।