Home » সোনাগাজীর নবাবপুরে একমাত্র সরকারি স্বাস্থ্য কেন্দ্রটি এখন নিজেই ‘অসুস্থ’

সোনাগাজীর নবাবপুরে একমাত্র সরকারি স্বাস্থ্য কেন্দ্রটি এখন নিজেই ‘অসুস্থ’

by ajkersomoy

​ফেনী প্রতিনিধি, আজকের সময় :

সোনাগাজীর নবাবপুরে স্বাস্থ্য সেবার বেহাল দশা, নেই জনবল, সপ্তাহজুড়ে তালা। ইউনিয়নের একমাত্র সরকারি স্বাস্থ্য কেন্দ্রটি এখন নিজেই ‘অসুস্থ’। অবহেলা ও তদারকির অভাবে প্রতিষ্ঠানটির অবস্থা জরাজীর্ণ। হাসপাতালটি দেখে বোঝার উপায় নেই যে এটি একটি চিকিৎসা সেবা কেন্দ্র। দিনের পর দিন তালাবদ্ধ পড়ে থাকা এই কেন্দ্রটি এখন স্থানীয়দের কাছে একটি পরিত্যক্ত স্থাপনায় পরিণত হয়েছে।

​সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কেন্দ্রটির ভবনের পলেস্তারা খসে পড়ছে, চারপাশ ময়লা-আবর্জনায় ভরা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় স্থাপনাটির শরীরে যেন রোগের বিস্তার ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, সপ্তাহে কেবল রবি ও বুধবার খোলা থাকলেও বাকি দিনগুলোতে ঝুলে থাকে বড় তালা। সেবা নিতে এসে অনেকেই ফিরে যান হতাশ হয়ে।

​স্থানীয় বাসিন্দা আলিম আরাফাত বলেন, “এই স্বাস্থ্য কেন্দ্রটি আমাদের এলাকার প্রাণ হতে পারতো। কিন্তু সঠিক ব্যবস্থাপনার অভাবে এটি এখন পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়া রোগী, সাপে কাটা বা সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া সম্ভব হয় না। ১৩ কিলোমিটার পথ পাড়ি দিতে গিয়ে অনেক রোগী পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিশেষ করে গর্ভবতী মা ও নবজাতকদের জন্য এটি একটি বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।”

ব্যবসায়ী মোহাম্মদ ইব্রাহিম জানান, ​নবাবপুরের ভোরবাজারে অবস্থিত এই স্বাস্থ্য কেন্দ্রটি অত্র এলাকার প্রায় ৪০ হাজার মানুষের ভরসার জায়গা হতে পারে। যদি কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু করা হয় এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা যায়, তবে এলাকার দরিদ্র, ভূমিহীন ও দিনমজুর শ্রেণির মানুষ বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতেন না।

​সংশ্লিষ্টরা মনে করছেন, সময়োপযোগী আধুনিকায়ন এবং নিয়মিত জনবল নিশ্চিত করা হলে নবাবপুর স্বাস্থ্য কেন্দ্রটি এই জনপদের স্বাস্থ্য সেবায় নতুন আশার আলো জ্বালাতে পারে।

​এ বিষয়ে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুদৃষ্টি ও দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল। তারা আশা করছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত সরজমিনে তদন্ত করবেন এবং জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
ফেনী সিভিল সার্জন জানান, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর