Home » কোম্পানীগঞ্জে চাল বিতরণে জুতাপায়ে চালের ওপর দাঁড়িয়ে ছবি, সমালোচনার ঝড়

কোম্পানীগঞ্জে চাল বিতরণে জুতাপায়ে চালের ওপর দাঁড়িয়ে ছবি, সমালোচনার ঝড়

by ajkersomoy

কোম্পানীগঞ্জে চাল বিতরণে জুতাপায়ে চালের ওপর দাঁড়িয়ে ছবি, সমালোচনার ঝড়

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দরিদ্র মানুষের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। চাল বিতরণের সময় জুতাপায়ে চালের বস্তার ওপর দাঁড়িয়ে ছবি তোলার একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।
বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার সিরাজপুর ইউনিয়ন পরিষদের  অফিসে সরকারের নিয়ম অনুযায়ী দরিদ্র মানুষের মধ্যে চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয়ভাবে বিএনপি নেতা হিসেবে পরিচিত গোলাম সরওয়ার মিশুকে জুতাপায়ে চালের বস্তার ওপর দাঁড়িয়ে চাল বিতরণ করতে দেখা যায়। ঘটনাস্থলে তোলা একটি সেলফি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় নানা সমালোচনা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দরিদ্র মানুষের জন্য বরাদ্দ খাদ্যসামগ্রী বিতরণের মতো একটি মানবিক কর্মসূচিতে চালের ওপর জুতাপায়ে দাঁড়িয়ে ছবি তোলা এবং তা সামাজিক মাধ্যমে প্রচার করা অত্যন্ত দুঃখজনক ও অসম্মানজনক আচরণ। তাদের মতে, এ ধরনের আচরণ শুধু অনভিপ্রেতই নয়, বরং দরিদ্র মানুষের প্রতি অবজ্ঞার বহিঃপ্রকাশ।
এ ঘটনায় বিএনপির স্থানীয় কিছু নেতাকর্মীও অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, এ ধরনের কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। অনেক সময় কিছু ব্যক্তি দলের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করেন, যা দলের মধ্যে বিভ্রান্তি ও বিভাজনের সৃষ্টি করে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, মানবিক সহায়তা কার্যক্রমে মানুষের প্রতি সম্মান ও সংবেদনশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এদিকে স্থানীয় বাসিন্দারা বিষয়টি নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলামের নজরে আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। সচেতন মহল মানবিক সহায়তা কার্যক্রমে শালীনতা, দায়িত্বশীলতা এবং মানুষের প্রতি সম্মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।

আরো খবর