Home » প্রকৃতির সান্নিধ্যে সুফ্ফা মডেল মাদরাসা শিক্ষার্থীদের ব্যতিক্রমী ইফতার আয়োজন

প্রকৃতির সান্নিধ্যে সুফ্ফা মডেল মাদরাসা শিক্ষার্থীদের ব্যতিক্রমী ইফতার আয়োজন

by ajkersomoy

নিজস্ব প্রতিবেদক :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সুফ্ফা মডেল মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে এক ব্যতিক্রমী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার পর্যটন স্পট গুচ্ছগ্রাম সংলগ্ন নদীর পাড়ে প্রাকৃতিক পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​আবাসিক শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে এই ইফতার মাহফিল এক ভিন্ন আমেজ তৈরি করে। নদীর শান্ত ঢেউ আর বিকেলের নির্মল ঠান্ডা বাতাসে শিক্ষার্থীরা প্রকৃতির সান্নিধ্যে ইফতারের পূর্ব মুহূর্তগুলো উপভোগ করেন।
​ইফতারের আগে শিক্ষার্থীরা অত্যন্ত সুমধুর কণ্ঠে ইসলামী সংগীত ও পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, যা উপস্থিত সবার নজর কেড়েছে।
চার দেয়ালের বন্দি জীবনের বাইরে খোলা আকাশের নিচে সবুজ ঘাসের ওপর বসে ইফতার করাটা শিক্ষার্থীদের জন্য ছিল এক আনন্দদায়ক ও ব্যতিক্রমী অভিজ্ঞতা।
মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আনোয়ার হোসাইনের নেতৃত্বে ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে পুরো আয়োজনটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
​ইফতারের ঠিক আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে বসে একসাথে ইফতার সম্পন্ন করেন।
​মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আনোয়ার হোসাইন জানান, শিক্ষার্থীদের যান্ত্রিকতা মুক্ত পরিবেশে ইসলামের শিক্ষা ও প্রকৃতির মহিমা অনুভব করানোর লক্ষ্যেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। এমন আয়োজনে শিক্ষার্থীরাও অত্যন্ত আনন্দিত ও উজ্জীবিত।

আরো খবর