নিজস্ব প্রতিবেদক, আজকের সময় :
বাবার হাত ধরে স্কুলে যাওয়ার কথা ছিল তার, কিন্তু মরণব্যাধি গ্রাস করতে চাইছে এক কিশোরীর রঙিন স্বপ্নকে। ফেনীর দাগনভূঁঞা উপজেলার দুধমুখা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্রী অনুরাধা সূত্রধর এখন হাসপাতালের বিছানায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাকে বাঁচাতে ফেনীবাসীর কাছে আকুল আবেদন জানিয়েছে তার পরিবার ও সহপাঠীরা।
পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র ৭-৮ দিন আগে জ্বরে আক্রান্ত হয় অনুরাধা। এরপর দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করেন। বর্তমানে সে ‘গুইলেন-ব্যারি সিনড্রোম’ (Guillain-Barre Syndrome – GBS) নামক একটি বিরল ও জটিল স্নায়বিক রোগে আক্রান্ত। বর্তমানে সে ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে ৮ম তলার ৬নং বেডে (লিফট-৭) চিকিৎসাধীন রয়েছে।
অনুরাধার বাবা মরণচন্দ্র সূত্রধর পেশায় একজন সাধারণ কাঠমিস্ত্রি। মেয়ের এমন ব্যয়বহুল চিকিৎসা চালানোর সামর্থ্য তার নেই। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, অনুরাধাকে সুস্থ করে তুলতে জরুরি ভিত্তিতে প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকা প্রয়োজন। যা এই দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
অনুরাধা নব-উত্তরণ খেলাঘর আসরেরও একজন নিয়মিত সদস্য। তার সংগঠনের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে হৃদয়বান ও বিত্তবান মানুষদের কাছে সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ করা হয়েছে। আপনার সামান্য সাহায্যই পারে এই ফুটফুটে মেয়েটিকে আবারও তার চেনা স্কুল আর খেলার মাঠে ফিরিয়ে দিতে।
অনুরাধার চিকিৎসার জন্য সরাসরি তার বাবার সাথে যোগাযোগ করতে বা বিকাশ করতে নিচের নম্বরগুলো ব্যবহার করুন: বিকাশ নম্বর (পার্সোনাল): ০১৭১১৯৪১৯২০, পিতার মোবাইল নম্বর: ০১৩১৬৮৯৬৯৯৭।
আসুন, আমরা যে যার সাধ্যমতো এই শিশুটির পাশে দাঁড়াই এবং তাকে এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ করে দিই।